চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার জামজামি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাজারের বীজ, কীটনাশক, ওষুধ, মুদি ও মিষ্টির দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম শওকতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা না রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে একই আইনের ৩৮ ও ৪৩ ধারায় মেসার্স শ্যামল মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী বিশ্বজিৎ সাহাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জামজামি ক্যাম্প পুলিশের একটি টিম।