আদালতের নির্দেশে জব্দ করা প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ কসমেটিকস প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। বুধবার (৪ঠা মার্চ) বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়।
আদালত সূত্র জানায়, জেলার বিভিন্ন থানায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে উদ্ধার হওয়া এসব আলামত সংশ্লিষ্ট মামলার আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে আদালতের জিম্মায় থাকা এসব পণ্য আদালতের তত্ত্বাবধানে বিনষ্ট করা হয়।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও বিদেশি মদ। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের স্কিন ক্রিম ও প্রসাধন সামগ্রীও ছিল তালিকায়। এসব পণ্যের সম্মিলিত বাজারমূল্য আনুমানিক ৩৯ লাখ টাকা বলে আদালত সূত্র জানিয়েছে।
আদালতের কর্মকর্তাদের উপস্থিতিতে তরল মাদক ড্রেনে ঢেলে দেওয়া হয়। অন্যান্য মাদকদ্রব্য ও অবৈধ কসমেটিকস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
আদালত কর্তৃপক্ষ বলেছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রকাশ্য ধ্বংস অভিযান চোরাকারবারিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
জেলায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাব্বির হোসেন
হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি