রাজউকে ফাইল জট কমাতে কড়াকড়ি বার্তা গৃহায়নমন্ত্রীর

ঢাকায় সেবা পেতে দীর্ঘসূত্রিতা ও হয়রানির অভিযোগের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ–কে সময়মতো কাজ শেষ করার কঠোর নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় পাশে থাকবে। কিন্তু জনগণের ভোগান্তির কারণ হলে কোনো ছাড় নেই।”

রাজউকের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী স্পষ্ট করে বলেন, জনগণ রাজউকের কাছে অনুগ্রহ চাইতে নয়, তাদের অধিকার ও প্রয়োজন নিয়ে আসেন। কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে। সেবা নিতে এসে মানুষ যাতে বারবার অফিসে ঘুরতে বাধ্য না হন, তা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

মন্ত্রী স্বীকার করেন, রাজউক নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আছে। ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। “এই অবস্থা পরিবর্তন করতেই হবে, এখনই করতে হবে,” বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, সরকার রাজউককে দুর্নীতি ও হয়রানিমুক্ত করে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়। এ লক্ষ্যেই প্রশাসনিক সংস্কার ও জবাবদিহি জোরদার করা হবে।

এ সময় সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, সদস্য মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, শেখ মতিয়ার রহমান ও মোহাম্মদ জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আগে চিফ টাউন প্ল্যানার মো. আশরাফুল ইসলাম রাজউকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভা শুরুর আগে রাজউক চেয়ারম্যান মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রীর বার্তা ছিল স্পষ্ট—সেবা দিতে বিলম্ব ও হয়রানির সংস্কৃতি চলবে না। নির্ধারিত সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করাই এখন রাজউকের প্রধান অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *