শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশস্থলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালীন পুলিশ জলকামান থেকে রঙিন পানি নিক্ষেপ করে এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।
পুলিশের এই আচরণের কারণে আশপাশের পথচারী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সমাবেশ চলাকালীন তারা হঠাৎ পুলিশের হামলার শিকার হয়েছেন। তারা জানিয়েছেন, বারবার অনুরোধ সত্ত্বেও পুলিশ সমাবেশ করতে দেয়নি।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশ শুরু করেছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা ছত্রভঙ্গ করেছি। তারা হঠাৎ রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরি করে বড় সমাবেশ করছিল, তাই সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।”
এ ঘটনায় এলাকার পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে জানা গেছে, পুলিশের উপস্থিতি এবং ব্যবহৃত জলকামান ও সাউন্ড গ্রেনেডের কারণে সমাবেশ তৎক্ষণাত শেষ হয়।