ভোলার বোরহানউদ্দিনে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেখানো জায়গা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ই মার্চ) বেলা ১১টায়  এ অভিযান পরিচালনা করা হয়। বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মো. আবু জাফর খানের নেতৃত্বে একদল পুলিশ বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাজির কাঁচারীর বাড়ি এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুলহাসান ওরফে জুলহাস (৫০) নামের এক ব্যক্তিকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১২টায় মানিকারহাট বাজার মসজিদের সামনে একটি রবি শস্যক্ষেতে আবার অভিযান চালায় পুলিশ। সেখানে জুলহাসের দেখানো স্থানে তল্লাশি করে পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. জুলহাসান ওরফে জুলহাস বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত কয়ছর হাং।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

আব্দুর রাজ্জাক
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *