ঢাকায় পাকিস্তানের টেক্সটাইল পণ্য ও হস্তশিল্প নিয়ে একটি বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। পাকিস্তান লাইভস্টাইল এই প্রদর্শনীর আয়োজন করেছে।
শুক্রবার (৬ই মার্চ) গুলশান শুটিং ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তারা নিজেদের তৈরি টেক্সটাইল পণ্য, ঐতিহ্যবাহী কাপড় এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রি করছেন।
প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী নকশা, হস্তনির্মিত কাপড়, কারুশিল্প এবং লাইফস্টাইল পণ্যের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, বাংলাদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে নতুন যোগাযোগ তৈরি হবে এবং বাণিজ্যিক সহযোগিতার সুযোগ বাড়বে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রদর্শনী ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীটি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং টেক্সটাইল ও হস্তশিল্প খাতে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।