ঢাকা ক্লাব লিমিটেডের জন্য একটি উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে IAB (বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট) ও ঢাকা ক্লাব লিমিটেড।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল ৪টায় রাজধানীতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ। অন্যদিকে ঢাকা ক্লাব লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালনা পর্ষদের সদস্য মো. রবিউল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. নওরোজ ফাতেমী, সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ, সম্পাদক (সদস্যপদ) স্থপতি মো. আহসানুল হক রুবেল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি শফিউল আজম শামীম এবং সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি কাজী শামিমা শারমিন।
ঢাকা ক্লাব লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এহসানুল হক (দিপু), তাসবির সালেহীন (সোহেল), ক্লাবের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, পিবিজিএম, বিজিবিএম, পিএসসি (অব.) এবং ঢাকা ক্লাব লিমিটেডের সদস্য প্রকৌশলী নুরুল আমিন সানা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা ক্লাব লিমিটেডের জন্য একটি উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের স্থপতিদের সৃজনশীল ধারণা উপস্থাপনের সুযোগ তৈরি করবে এবং পেশাগত দক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ বা পুনর্গঠনের ক্ষেত্রে উন্মুক্ত নকশা প্রতিযোগিতা আয়োজনের সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।