ভোলার বোরহানউদ্দিনে একটি বসতবাড়িতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার ও একটি ব্র্যান্ডের হাতঘড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, বোরহানউদ্দিন থানাধীন উত্তর দালালপুর গ্রামের বাসিন্দা মো. নাছির আহম্মেদ (৬০)-এর বাড়িতে চুরির ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে।
ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—মো. ইয়ামিন (১৮) ও মো. সাকিব (১৮)। তারা দুজনই বোরহানউদ্দিন থানার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে কুয়েতি দিনারসহ বিদেশি মুদ্রা, একটি ব্র্যান্ডের হাতঘড়ি, বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার (গোল্ড প্লেট ও ইমিটেশন) এবং চুরির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া মালামাল মামলার বাদী শনাক্ত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ বলছে, অপরাধ দমনে ভোলা জেলা পুলিশ সব সময় সজাগ রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
আব্দুর রাজ্জাক
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি