রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম নতুন সংসদ অধিবেশন ও সংবিধান সংস্কার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
নাহিদ ইসলাম বলেন, বৃহস্পতিবার (১২ই মার্চ) নতুন সংসদ অধিবেশন শুরু হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দলীয় এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। তিনি বলেন, “যদি তা না হয়, সবাইকে সোচ্চার হতে হবে। এগুলো আমাদের দলের দাবি নয়, নতুন বাংলাদেশের দাবি।”
বিরোধী দলের কথা বলার সুযোগ ও সংসদের কার্যকরতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই কার্যকর সংসদ, সব কমিটমেন্ট রক্ষা হোক। সবাই যেন তার দায়িত্ব অনুযায়ী কথা বলার সুযোগ পায়।”
উল্লেখযোগ্য হিসেবে তিনি শহিদ আবু সাঈদকে স্মরণ করে বলেন, রংপুর বিভাগের সাথে ভবিষ্যতে কোনো বৈষম্য করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর চার আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।