জনগণের আশা ও অধিকার বাস্তবায়নের লক্ষ্য নতুন জাতীয় সংসদের   

বৃহস্পতিবার (১২ই মার্চ) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বুধবার (১১ই মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, এই অধিবেশন জনগণের সংসদ হিসেবে কাজ করবে এবং দেশের মানুষের অধিকার, আশা ও স্বপ্নের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, “জাতীয় সংসদ শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। আমরা চাই, সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা।”

চীফ হুইপ সংসদের কার্যকর ও দায়িত্বশীল পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও ঐক্যমতের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান করা সম্ভব।

ব্রিফিংয়ের শুরুতে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ১৯৭১ সালের শহীদদের ও জুলাই-২৪ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করেন।

চীফ হুইপ আরও বলেন, “আমাদের অঙ্গীকার হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য দূর করা এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা। কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনে ইতোমধ্যেই প্রস্তুতি শেষ হয়েছে, এবং আশা করা যাচ্ছে এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *