আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মরক্কোর রাজধানী রাবাত–এ এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সাইন্টিফিক এন্ড কালচারাল ওরগানাইজেশন (আইসেস্কো)। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা।
আলোচনার মূল বিষয় ছিল—‘এমপাওয়ারমেন্ট উইথ ডিগনিটি’ বা মর্যাদার সঙ্গে ক্ষমতায়ন।
রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় নারীর ভূমিকা এখন স্পষ্ট। নারী যখন মর্যাদা নিয়ে এগিয়ে যায়, তখন একটি দেশের শক্তি বাড়ে। উন্নয়নও দ্রুত হয়।
তিনি বলেন, বাংলাদেশের গ্রাম থেকে শহর—সব জায়গায় নারীরা আজ কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, প্রশাসন—সবখানেই তাদের অংশগ্রহণ বেড়েছে। এ পরিবর্তন হঠাৎ হয়নি। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে নারী ক্ষমতায়নে অবদান রাখার জন্য রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসাকে সম্মাননা দেওয়া হয়। তাকে সম্মাননা তুলে দেন আইসেস্কোর মহাপরিচালক সালেম এম. আলমালিক।
আইসেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক ও চিন্তাবিদরা অংশ নেন। আলোচনায় নারীর অর্জন তুলে ধরা হয়। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়।
আয়োজকেরা জানান, নারী ক্ষমতায়ন শুধু একটি সামাজিক প্রশ্ন নয়। এটি উন্নয়নেরও প্রশ্ন। তাই এ বিষয়ে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।