ঢাকার অমর একুশে গ্রন্থমেলা-তে প্রকাশিত হলো আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা মুক্ত গদ্যের বই ‘শুধু মাধবীর জন্য’। শুক্রবার (১৩ই মার্চ) প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ-এর স্টলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে লেখক বলেন, বইটি মূলত ‘মাধবী’কে লেখা একাধিক চিঠির সংকলন। এসব চিঠিতে জীবনের নানা অনুভূতি উঠে এসেছে। সুখ, দুঃখ, ভালো লাগা, একাকীত্বের পাশাপাশি রাজনীতি, রাষ্ট্র, সমাজ ও দর্শনের কথাও সেখানে রয়েছে।
বইয়ের প্রধান চরিত্র ‘মাধবী’ আসলে কে—এমন প্রশ্নে মন্ত্রী সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, “মাধবী কে—এটা বড় প্রশ্ন। এখনই যদি তার উত্তর বলে দিই, তাহলে পাঠকের আগ্রহ কমে যেতে পারে। তাই বিষয়টি আপাতত অপ্রকাশিত থাকুক।”
তিনি আরও বলেন, মানুষ অনেক সময় চারপাশে অনেক মানুষের মাঝেও ভেতরে ভেতরে একা অনুভব করে। সেই একাকীত্ব এবং মনের অপ্রকাশিত কথাগুলোরই প্রকাশ ঘটেছে মাধবীকে লেখা চিঠিগুলোতে।
লেখকের ভাষ্য অনুযায়ী, তিনি মোট ২৫৩টি চিঠি লিখেছেন। প্রথম পর্যায়ে বইটিতে প্রকাশ করা হয়েছে ১২৫টি চিঠি। পাঠকদের প্রতিক্রিয়া ইতিবাচক হলে পরবর্তীতে দ্বিতীয় পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে।
আইনমন্ত্রী বলেন, একজন লেখকের জন্য পাঠকের সাড়া সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাঠকেরা বইটি পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত জানালে তিনি উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে আরও লেখার অনুপ্রেরণা পাবেন।
অনুষ্ঠানে প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, লেখকের সহধর্মিণী, শুভানুধ্যায়ী এবং মেলায় আসা পাঠক ও দর্শকেরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচনের পর লেখক বইটি কিনতে আসা পাঠকদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।