দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের মানুষ উন্নয়ন ও সমৃদ্ধির প্রত্যাশা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বড় ধরনের সমর্থন দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ১৮০ দিনের একটি কর্মসূচি শুরু করেছে।
শুক্রবার (১৩ই মার্চ) লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন সরকারের কাজের শুরুতেই কিছু সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড। পাশাপাশি খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
আসাদুল হাবিব দুলু বলেন, সরকার একটি জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে চায়। সেই প্রশাসন হবে জবাবদিহিমূলক। সরকারি কর্মচারীদের জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে। তাদের হতে হবে সৎ, আন্তরিক ও পরিশ্রমী। প্রতিটি কাজের একটি লক্ষ্য থাকতে হবে। সময়মতো অফিসে উপস্থিত থাকাও দায়িত্বের অংশ।
সভায় তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়েও কথা বলেন। মাঠপর্যায়ের সমস্যার কথা শোনেন। সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসা সেবার খোঁজখবর নেন। তিনি বলেন, নতুন করে নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু করার চেষ্টা চলছে। শিগগিরই মানুষ এর সুফল পাবে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, হাসপাতালটি চালু হলে জেলার স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আসবে। দূরদূরান্তের রোগীদের আর অন্য জেলায় যেতে হবে না।