১৬ মার্চ খাল খনন কর্মসূচির  উদ্বোধন

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে প্রকৃত অর্থে নির্বাচিত সরকার ছিল না। এ সময় বিভিন্ন অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল। সেই সময়ের জমে থাকা সমস্যা দূর করে সুশাসন প্রতিষ্ঠা করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।

শুক্রবার (১৩ই মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলা এলাকায় রহমতখালী খাল ও ওয়াপদা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান এর নেতৃত্বে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। এজন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ্যানি চৌধুরী বলেন, দেশের কৃষি উন্নয়নে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সময়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই উদ্যোগের ফলে কৃষকরা সেচ সুবিধা পেয়েছিলেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল।

মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে জাতীয় পর্যায়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু হবে। এদিন দিনাজপুর জেলার কাহারোল উপজেলা এর সাহাপাড়া খাল খননের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। একই দিনে দেশের ৫৪টি জেলায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চালু হবে।

তিনি বলেন, জলাবদ্ধতা কমানো, সেচ সুবিধা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

খাল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *