দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করতে জাসাস নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শুক্রবার (১৩ই মার্চ) চট্টগ্রাম নগরীর জেলা পরিষদ ভবনে মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দলীয় নেতাকর্মীদের কল্যাণ কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের নিজস্ব সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্য নিয়ে জাসাস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, গত ১৭ বছরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের সংস্কৃতির ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে জাসাসকে আরও সংগঠিত হয়ে দেশীয় সংস্কৃতি ও জাতীয় চেতনাকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃত জাতীয়তাবাদী চেতনা দুর্বল হয়ে পড়লে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি আবারও গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এ কারণে সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী আদর্শকে জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
দোয়া ও ইফতার মাহফিলে জাসাসের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ত্যাগী নেতাকর্মীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।