মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন । মন্ত্রী এই সময়ে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন। শনিবার (১৪ই মার্চ) থেকে এই অভিযান দেশের সর্বত্র শুরু হয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের খোঁজখবর নেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শুনেন। তিনি হাসপাতালে খাবারের মান, রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কিনা এবং চিকিৎসকরা সময়মতো হাসপাতালে উপস্থিত হচ্ছেন কিনা তাও খতিয়ে দেখেন।
এছাড়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং আরও দুই জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও চলমান থাকবে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী জানিয়েছেন, জনগণকে সঠিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়মিত নজরদারি ও দায়িত্বশীলতা অপরিহার্য।