ইলিশ সংরক্ষণে আকাশে বিমান বাহিনী

 

দেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরা রোধে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ থেকে টহল কার্যক্রম পরিচালনা করছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ (In Aid to Civil Power) কার্যক্রমের অংশ হিসেবে এই বিমান নজরদারি অভিযান চলছে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” শীর্ষক এ কর্মসূচির আওতায় বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় এলাকায় উড্ডয়ন করছে। এর অংশ হিসেবে শনিবার(১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (১৮০০ ঘণ্টা) একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন নদীতে টহল পরিচালনা করে।

একই সময়ে বিমান বাহিনীর আরেকটি হেলিকপ্টার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত, সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় আকাশপথে টহল দেয়।

হেলিকপ্টারগুলোতে সংযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) ও নাইট ভিশন গগলস (NVG) ব্যবহারের মাধ্যমে সন্ধ্যার পরও নজরদারি চালানো হচ্ছে। এতে অন্ধকারেও মাছ ধরার নৌযানগুলো সহজে চিহ্নিত করা সম্ভব হচ্ছে।

মিশনগুলো আকাশ থেকে ভূমির সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাতে মাঠ পর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক সমন্বয় বজায় থাকে।

বিমান বাহিনী জানিয়েছে, কুতুবদিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলেও একই ধরনের টহল কার্যক্রম পরিচালনা করা হবে। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় বিমান বাহিনী তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ইলিশ সংরক্ষণে আমরা শুধু আকাশের অভিভাবক নই, দেশের সম্পদ রক্ষারও অংশীদার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *