কুমিল্লায় ৬০০ বোতল ফেনসিডিল মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহনের মামলায় পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ই মার্চ) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মামলাটির এসটি নম্বর ৪৪২৭/১৮।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. ইমরান হোসেন (২২)। তিনি বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে একই মামলার আরেক আসামি মাসুদ মোল্লা ওরফে হযরত (৩১) প্রমাণের অভাবে খালাস পেয়েছেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার হরিদাশপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইকরাম হোসেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৭ মে গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় মল্লিকা ফিলিং স্টেশনের সামনে একটি গাড়ি তল্লাশি করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়ি থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। মামলায় চালক ইমরান হোসেন, ঢাকার গুলিস্তানের বাসিন্দা আব্দুল করিম মোল্লা এবং মাসুদ মোল্লাকে আসামি করা হয়।

তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. শাহ কামাল আকন্দ ২০১৮ সালের ২২ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত ২০১৯ সালের ২৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত পলাতক আসামি ইমরান হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মাসুদ মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. ইকরাম হোসেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ সোহেল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *