অস্ট্রিয়ার ভিয়েনা শহরে চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের UNODC–এর নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো। সোমবার (১৬ই মার্চ) বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের এম-বিল্ডিংয়ের একটি কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় UNODC-এর দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বৈশ্বিক অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে, এই বাস্তবতায় সংস্থাটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার।
মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে UNODC গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জানান, সারা দেশে ৮৯ জন পুলিশ সুপার এবং ৫৭৪ জন অফিসার-ইন-চার্জকে প্রশিক্ষণ দেওয়া এবং নির্বাচনি আইন নিয়ে একটি হ্যান্ডবুক তৈরিতে সংস্থাটির সহায়তা কার্যকর হয়েছে।
বৈঠকে বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার কর্মসূচির বিষয়টিও গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী এই সংস্কারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে UNODC-এর কারিগরি সহায়তা, নীতিগত পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান। তার মতে, একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
অন্যদিকে, UNODC-এর নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং অপরাধ দমনে সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।