ঢাকা, ১২ অক্টোবর – শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, “শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না।”
হাসনাত আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষকদের সূর্যোদয়ের আগেই মুক্তি দিতে হবে। তিনি বলেন, “শিক্ষকদের ওপর হামলা একেবারেই অমানবিক। দ্রুত সময়ের মধ্যে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি মেনে নিতে হবে। সরকারের বৈষম্যের এই মুনাফিকি আমরা মেনে নেব না।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি। এই অবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”
এর আগে রবিবার সকালেই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দিলে অন্তত তিনজন শিক্ষক আহত হন। পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।
সমাবেশে এনসিপির নেতা সামান্থা শারমিন বলেন, “শিক্ষকদের আশা ও আকাঙ্ক্ষার প্রতি কোনো খেয়াল রাখা হয়নি। শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা শিক্ষকদের ন্যায্য দাবিতে অবিচল থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, “এনসিপি সবসময় শিক্ষকদের পাশে থাকবে। শিক্ষকদের ন্যায্য দাবিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”