পিআর আন্দোলন ‍নির্বাচন বিলম্বের হাতিয়ার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে চলমান আন্দোলনের মূল উদ্দেশ্য নির্বাচন বিলম্ব করা। তিনি এই মন্তব্য করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায়।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সংস্কার কমিশন যে সিদ্ধান্ত বা প্রস্তাব দিচ্ছে, তার বেশিরভাগই ইতোমধ্যেই বিএনপির ৩১ দফায় অন্তর্ভুক্ত। আগামী ১৭ অক্টোবর এই বিষয়ে সনদে স্বাক্ষর করা হবে এবং যেসব বিষয়ে একমত হয়নি, সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেটের মাধ্যমে সমাধান করা হবে।

তিনি জনগণের মধ্যে নতুন পিআর পদ্ধতি নিয়ে সচেতনতা কম থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পিআর নিয়ে আন্দোলন আসলে কিছু রাজনৈতিক দলই শুরু করেছে, কমিশন নয়। জনগণ এই পদ্ধতি গ্রহণ করবে না এবং বিএনপি আগেই জানিয়েছে, এটি চাপিয়ে দিলে জনগণ কখনো মেনে নেবে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণ এমন একটি নির্বাচন চাই যেখানে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসে নিজস্ব আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। মাত্র ১৪ মাসে রাতারাতি কোনো সংস্কার বাস্তবায়িত হবে — এমন ধারণা জনগণ বিশ্বাস করে না।

তিনি বলেন, বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশা রাখে। নির্বাচন হবে এবং জনগণ পরীক্ষিত দলকেই বেছে নেবে। তিনি জনগণকে অনুরোধ করেন, দেশের গণতান্ত্রিক সুযোগ যেন হারিয়ে না যায়। মির্জা ফখরুল বলেন, একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে কিছু মহলের ষড়যন্ত্র আছে, কিন্তু তা পরাজিত করার শক্তি দেশের মানুষেরই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *