টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে প্রথমবার এমআইএসটি

বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন এক মাইলফলক স্পর্শ করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (Times Higher Education–THE) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ প্রথমবারের মতো স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। এমআইএসটি তালিকায় ১৫০১+ অবস্থানে রয়েছে।

এটি বাংলাদেশের সামরিক বাহিনী পরিচালিত উচ্চতর প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষের ধারাবাহিক অগ্রযাত্রার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন এমআইএসটি কর্তৃপক্ষ।

‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’-এ অন্তর্ভুক্তির জন্য কঠোর মানদণ্ড যেমন গবেষণার প্রভাব, আন্তর্জাতিক সহযোগিতা, শিল্পখাতের অবদান ও শিক্ষাদানের মান—সবগুলো ক্ষেত্রেই এমআইএসটি তার যোগ্যতা প্রমাণ করেছে।

বর্তমানে এমআইএসটি ১৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর প্রতিষ্ঠানটি নিজস্ব উদ্ভাবিত তিনটি পণ্যে পেটেন্ট অর্জন করেছে, যা প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এ উপলক্ষে এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি এমআইএসটি’র একাডেমিক ও গবেষণার মান আরও উন্নত করবে এবং ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এমআইএসটি পরিবার এই সাফল্যকে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার গৌরবময় অগ্রযাত্রার অংশ হিসেবে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *