“মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে ১০ অক্টোবর ২০২৫ তারিখে কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে টহল পরিচালনা করে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’।
টহলকালে দেখা যায়, কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময় অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার করছে। এ সময় অভিযান চালিয়ে নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০টি ক্ষতিকর ও অবৈধ বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে। অভিযানে অবৈধ মাছ ধরার সঙ্গে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে এবং আটক জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।