নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সৈয়দ আব্দুল কাদের (২৩)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার শামুখখোলা গ্রামের বাসিন্দা।
বুধবার (২৫শে মার্চ) বিকেলে লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নোয়া গ্রামে অভিযান চালানো হয়। এমদাদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে হেদায়েত আলী জুন্নুর বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মো. কামরুজ্জামানসহ একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় কাদেরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উজ্জ্বল রায়
লোহাগড়া উপজেলা প্রতিনিধি, নড়াইল।