যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৬১ হাজার মেট্রিক টন গম বহনকারী জাহাজ এমভি এমপি আল্ট্রাম্যাক্স-২ আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। সরকার টু সরকার (জি টু জি) চুক্তির আওতায় এই চালানটি দেশে এসেছে।
সরকারি সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি জি টু জি-০৩ অনুযায়ী এই গম আনা হয়েছে। এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।
নতুন আসা গমের মান যাচাইয়ের জন্য ইতোমধ্যে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। দ্রুত খালাস কার্যক্রম শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এই চালানের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে। বাকি ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন গম মোংলা বন্দরে নেওয়া হবে।
সরকার সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে জি টু জি ভিত্তিতে গম আমদানি কার্যক্রম জোরদার করেছে। এর আগে জি টু জি-০১ ও জি টু জি-০২ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে। এর মধ্যে জি টু জি-০১ অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-০২ অনুযায়ী ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম আমদানি করা হয়।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দামের ওঠানামার মধ্যে সরকার সরাসরি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে গম আমদানি বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।