ঠাকুরগাঁওয়ে কর্মস্থল থেকে যুবক নিখোঁজ, উদ্বেগে পরিবার

ঠাকুরগাঁও জেলায় কর্মস্থল থেকে জাহাঙ্গীর (৩৩) নামে কুষ্টিয়ার এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। নিখোঁজের বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা। তিনি নঈম উদ্দীন মন্ডলের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘ইজাব এলায়েন্স লিমিটেড’-এ কর্মরত ছিলেন।

গত ২রা এপ্রিল সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া এলাকায় অবস্থিত তার কর্মস্থলের সামনে থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় ৩রা এপ্রিল ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর ১৪৩।

পরিবারের দেওয়া তথ্যে জানা গেছে, জাহাঙ্গীরের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি এবং তার চোখ টানা টানা।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি।

জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা বা ঠাকুরগাঁও সদর থানায় দ্রুত যোগাযোগ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *