সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দরবস্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) ভোরে দরবস্ত এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জনতে পারে দরবস্ত ছোটারী সেনগ্রাম এলাকায় নিজ বসতঘরে ইয়াবা ক্রয়-বিক্রয় করছে দুই ব্যক্তি।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভোর ৩টা ৫০ মিনিটে ছোটারী সেনগ্রামে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে দুইজন। এ সময় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন কুদরত উল্লাহ (৪৫) ও তার স্ত্রী জাহেদা বেগম (৪০)। পরে তল্লাশি চালিয়ে কুদরত উল্লাহর কাছ থেকে ২৭ পিস এবং জাহেদা বেগমের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। আটক কুদরত উল্লাহ ছোটারী সেনগ্রামের মিন্নত উল্লাহ মন্টুর পুত্র।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন , জব্দকৃত ইয়াবা ট্যাবলেট যথাযথ প্রক্রিয়ায় জব্দতালিকা প্রস্তুত করে থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আটক দম্পতিতে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।