বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে প্রাতঃরাশের আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এনসিপি প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতগণ ‘সংস্কার ও জুলাই সনদ’ প্রসঙ্গে অগ্রগতির বিষয়ে জানতে চান। এছাড়া, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি’র প্রস্তুতি এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।