মাগুরা জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার ৫০ জন দুস্থ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সহায়তা করে তাদের শিক্ষা অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বই বিতরণ কার্যক্রমে শিক্ষার্থীরা এমন উদ্যোগে উৎসাহিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।