মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

 

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে ১৫ অক্টোবর, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, সমাজসেবা বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাকির হোসেন।

আলোচনা সভায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “প্রযুক্তিনির্ভর সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলকে নিরাপদ ও আত্মবিশ্বাসী করবে।” তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরার যৌথ আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *