ইউরোপীয় চলচ্চিত্র ও সাহিত্যের দুই জীবিত কিংবদন্তি—হাঙ্গেরির চলচ্চিত্রকার বেলা তার (Béla Tarr) এবং সদ্য নোবেল পুরষ্কার বিজয়ী ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই (László Krasznahorkai)—কে ঘিরে ঢাকায় শুরু হচ্ছে এক সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অধিবেশনের নাম “ধৈর্যের স্থাপত্য: বেলা তার ও লাসলো ক্রাসনাহোরকাই”। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে বেলা তারের চলচ্চিত্র প্রদর্শনী। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর সমাপ্তি হিসেবে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে একটি বিশেষ সেমিনার ও আলোচনা সভা।
বেলা তার ও ক্রাসনাহোরকাইয়ের সহযোগিতা বিশ্ব সিনেমা ও সাহিত্যের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। প্রায় পঁচিশ বছরের সৃজনযাত্রায় তারা একসঙ্গে নির্মাণ করেছেন Damnation (১৯৮৮), Sátántangó (১৯৯৪), Werckmeister Harmonies (২০০০), The Man from London (২০০৭) এবং The Turin Horse (২০১১)—যেসব চলচ্চিত্রে সময়, ধৈর্য ও মানব অস্তিত্বের গভীর অনুসন্ধান ফুটে উঠেছে অনবদ্যভাবে।
এই যুগলবন্দীকে নিয়ে আয়োজিত ফোরামের এই উদ্যোগ কেবল চলচ্চিত্রপ্রেমীদের জন্য নয়, বরং ধৈর্য, প্রতিরোধ ও মানব চেতনার নীরব দর্শনে আগ্রহীদের জন্যও এক বিরল সুযোগ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।