মাগুরায় এইচএসসিতে পাসের হার মাত্র ৩৭ শতাংশ, তিন কলেজে কেউ পাস করেনি

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাগুরা জেলায় পাসের হার মাত্র ৩৭ শতাংশ। জেলার ৩৪টি কলেজের মোট ৬ হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ২ হাজার ৪০১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন শিক্ষার্থী। অন্যদিকে জেলার তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, যশোর শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ হলেও মাগুরা জেলার গড় পাসের হার তার চেয়ে অনেক কম। জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এ প্রতিষ্ঠানের পাসের হার ৭৪ শতাংশ এবং ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাদরাসা শিক্ষায় জেলার ফলাফল তুলনামূলক ভালো। মোট ১৬টি প্রতিষ্ঠানের ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৮৫ জন, পাসের হার ৮১ শতাংশ। এর মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে। সবচেয়ে বেশি ৫ জন জিপিএ-৫ পেয়েছে শালিখার ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদরাসা থেকে।

অন্যদিকে কারিগরি শিক্ষায় অংশ নেয় ১১টি প্রতিষ্ঠানের ৬৪২ জন শিক্ষার্থী, পাস করেছে ২৯৩ জন—পাসের হার ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন, উভয়েই সদর উপজেলার নাজির আহমেদ কলেজের বিএম শাখার শিক্ষার্থী।

জেলায় তিনটি কলেজে কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। এগুলো হলো সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজ, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। এ তিনটি প্রতিষ্ঠানের মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *