মাগুরার খালে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

এআই ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে খালে গোসল করতে নেমে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর ) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে তিন শিশু বাড়ির পাশের খালে গোসল করতে নামে। কিন্তু অনেকক্ষণ পরও তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা খালের পানিতে তল্লাশি চালিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

তাদেরকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুরা হলো—চাপাতলা গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তানহা, আনারুল ইসলামের মেয়ে তারিন এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া। তিনজনই একই পাড়ার বাসিন্দা ছিলেন।

একই পরিবারের মতো বেড়ে ওঠা তিন শিশুর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বলেন, “একই সঙ্গে তিনটি শিশুর মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা কিনা, নাকি অন্য কোনো কারণ আছে—তা খতিয়ে দেখা হচ্ছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *