কুমিল্লায় খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটাল (১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল) উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারস্থ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক বোর্ড অব অ্যাডভাইজার্স-এর চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা জানান, ২০১০ সালের মে মাসে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হক এই হাসপাতালের জন্য ১২৫ শতক জায়গা দান করেন। তার দানকৃত জমিতেই এ হাসপাতাল গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং ৫ তলা থেকে ১০ তলায় সম্প্রসারিত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
সাংবাদিক রফিকুল ইসলাম মতবিনিময়কালে সংবাদকর্মী ও তাঁদের পরিবারের জন্য চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা রাখার অনুরোধ জানান।
প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন, ডায়াবেটিসসহ নানা দীর্ঘমেয়াদি রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এই বিশেষায়িত হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এনএইচএন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ, মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী মিসেস রাবেয়া হক, কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা প্রশাসক মো. আমীরুল কায়ছার, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, এনএইচএন বোর্ড অব অ্যাডভাইজার্স-এর চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।