৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন না করলে ব্যবস্থা: বেসামরিক বিমান মন্ত্রণালয়

 

দেশের অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন সনদের জন্য আবেদন করতে নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ট্রাভেল এজেন্সি এখনো অনুমোদন নেয়নি বা যাদের নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে www.regtravelagency.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নতুন করে নিবন্ধন বা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়নের আবেদন করতে হবে।

মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময়সীমা শেষে নিবন্ধন ব্যতীত ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ট্রাভেল এজেন্সি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। এর ফলে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাত, দুর্নীতি ও প্রতারণার ঘটনা বাড়ছে।

এছাড়া মন্ত্রণালয় জানায়, অতীতে একাধিকবার অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আইনি নির্দেশনা মানার আহ্বান জানানো হলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ ব্যতীত কিংবা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *