বাংলাদেশ নৌবাহিনীতে এ-২০২৬ ব্যাচের নবীন নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম চলাকালে খুলনায় ভুয়া নিয়োগ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি ও হোটেল সোসাইটিতে অভিযান চালায় নৌবাহিনীর সদস্যরা। অভিযানে আশিকুর রহমান ও মো. বশির উদ্দিন নামে দুই প্রতারককে আটক করা হয়।
অভিযানকালে হোটেল সোসাইটি’র ২০ নম্বর কক্ষ থেকে ভুয়া প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও নানা নথিপত্র জব্দ করা হয়। জানা যায়, কক্ষটি প্রতারক চক্রটি “অফিস” হিসেবে ব্যবহার করছিল। এছাড়া, হোটেলগুলো থেকে প্রতারণার শিকার ১৬ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা জানান, প্রতারক চক্রটি ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে নৌবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প নিয়েছিল। তারা ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহেরও প্রমাণ পাওয়া গেছে।
নৌবাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী আরও জানায়, নাবিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর, যেখানে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। তবে কিছু অসাধু চক্র প্রতারণার মাধ্যমে চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে।
সকলকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।