চীনে আন্তর্জাতিক রেসে “MIST BLITZ” সেরা বিদেশি দলের পুরস্কার জিতেছে

 

চীনের ঝোংঝোতে অনুষ্ঠিত “Formula Student China 2025”-এ অংশ নিয়ে বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর দল MIST BLITZ। বিশ্বের ৭৬টি আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে তারা অর্জন করেছে “Leading Convey Award” (সেরা বিদেশি দল)“Best Presentation Performance Award”। পাশাপাশি “Business Plan Presentation” ক্যাটাগরিতে ৪র্থ স্থান অর্জন করেছে দলটি—যা একটি নবগঠিত দলের জন্য এক অসাধারণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৪ সালের এপ্রিলে গঠিত ৩১ সদস্যের এই দলটি এমআইএসটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি করে তাদের প্রথম Formula-Style রেস কার “Furiosa 1.0”। গাড়িটি সফলভাবে সব টেকনিক্যাল ইনস্পেকশন উত্তীর্ণ হয়ে endurance ট্র্যাকে দুই ল্যাপ সম্পন্ন করেছে—যা বাংলাদেশের জন্য এই ধরনের প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণেই এক ঐতিহাসিক অর্জন।

বিচারকরা দলের উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজাইন, স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য উপকরণের ব্যবহার, এবং পেশাদার উপস্থাপনা দক্ষতার প্রশংসা করেছেন। এমআইএসটি’র কমান্ড্যান্ট বলেন, “MIST BLITZ প্রমাণ করেছে যে আমাদের তরুণ প্রকৌশলীরা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা রাখে।”

৩০০ কেজি ওজনের রেস কারটি চীনে পরিবহনের মতো বড় লজিস্টিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, বাংলাদেশ দূতাবাস (বেইজিং) ও স্থানীয় স্পনসরদের সহায়তায় দলটি সব বাধা অতিক্রম করে এই সাফল্য অর্জন করেছে।

এই অর্জন শুধু এমআইএসটি নয়, বরং বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণের এক নতুন অধ্যায় খুলে দিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *