কুমিল্লায় ভাড়া বাসা থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে মিলন আক্তার (৫৩) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মিলন আক্তার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। তিনি দীর্ঘ বিশ বছর ধরে রেইসকোর্স এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতের মেয়ে ইসরাত জাহান তানিয়া জানান, “আমার মা ও নানু এখানে ভাড়া থাকেন। আমার মামা শাওনও বেশিরভাগ সময় এই বাসায় থাকতেন। সন্ধ্যায় নানু ফোন করে বলেন, মা ফোন ধরছে না—বাসায় গিয়ে দেখো। আমি গিয়ে দেখি বাসার দরজা বাইরে থেকে ছিটকিনি দেয়া। ভিতরে ঢুকে ডাইনিং টেবিলে একটি ছুরি, মায়ের রুমে খাটের উপর আরেকটি ছুরি পড়ে আছে। খাটের নিচে দেখি মায়ের লাশ।”

কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বাপ্পী বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে ইতোমধ্যে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *