বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে কুমিল্লায়। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে টাউনহল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক।
আলোচনায় বক্তারা বলেন, মানবতাবাদী মহান সংস্কারক মহাত্মা ফকির লালন সাঁই ছিলেন বাঙালি অসাম্প্রদায়িক ও মরমী চেতনার প্রাণপুরুষ। তাঁর জীবনদর্শন আজও সমাজে সহমর্মিতা, মানবতা ও সাম্যবাদের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে প্রখ্যাত বাউল শিল্পী সুমী হায়দারসহ স্থানীয় শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সংস্কৃতিপ্রেমী দর্শকরা অংশ নেন।
বক্তারা আরও জানান, বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক (১৬ অক্টোবর) সাধক লালন সাঁই দেহ ত্যাগ করেন। তাঁর ভাবগান ও দার্শনিক চিন্তা যুগে যুগে মানুষকে সত্য, প্রেম ও মানবতার পথে অনুপ্রাণিত করে যাচ্ছে।