বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সরকারি সফরে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) ঢাকা ত্যাগ করেছেন। তিনি দক্ষিণ কোরিয়া ও গণপ্রজাতন্ত্রী চীন সফর করবেন।
বিমান বাহিনী প্রধান ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Seoul International Aerospace & Defense Exhibition (ADEX) 2025-এ অংশ নেবেন। এ প্রদর্শনীতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি ও বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এরপর তিনি চীন জাতীয় এয়ারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (CATIC)-এর চেয়ারম্যানের আমন্ত্রণে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত গণচীন সফর করবেন। এ সফরে তিনি পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (PLAAF)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।
বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি বিস্তৃত হবে।
সরকারি এই সফর শেষে বিমান বাহিনী প্রধান ২৫ অক্টোবর দেশে ফিরে আসবেন।