কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রস্তাবিত প্রাগপুর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি নাসির উদ্দীন মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর পালিত হয়েছে। ২০২১ সালের এই দিনে ভারতের সেন্ট জনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বজনদের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করা হয় এবং স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিতরা তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
১৯৪৯ সালের ১৫ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের একটি সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাসির উদ্দীন মাস্টার। দীর্ঘ ৩২ বছর তিনি ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশরত্ন পদক (২০১৭) ও শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক (২০১৭) অর্জন করেন।
মঞ্চ নাটক ও বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগী ছিলেন নাসির উদ্দীন মাস্টার। তাঁর স্মৃতিচারণ ও সেবামূলক কাজের জন্য পরিবার ও এলাকাবাসী তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।