মাগুরার মহম্মদপুর উপজেলার বয়ইজানী খাঁ-পাড়ায় দীর্ঘদিনের অবহেলিত এক কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে শিশু-কিশোররা মানববন্ধন করেছে। শনিবার সকালে এলাকাবাসীর অংশগ্রহণে শিশুদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে এই সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে— ফলে স্কুলগামী ছাত্রছাত্রীরা কাদা ও পানির মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। জরুরি সময়ে রোগীদেরও হাসপাতালে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ে।
প্রায় পাঁচটি গ্রামের মানুষ এই সড়কটি ব্যবহার করে। কিন্তু বহুবার ইউপি মেম্বার ও চেয়ারম্যানকে জানালেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, এটি মহম্মদপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হলেও বছরের পর বছর অবহেলিত রয়ে গেছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিশুরা প্ল্যাকার্ড হাতে লিখে রাখে— “আমরা স্কুলে যেতে চাই, রাস্তা চাই”, “রাস্তা না থাকলে ভবিষ্যৎ অন্ধকার” ইত্যাদি স্লোগান।
এলাকাবাসী জানান, তাঁরা চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক এবং এই সড়কটি সংস্কার করে শিশুদের নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুক।