মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামের শাইপুকুরে অনুষ্ঠিত হয়েছে গরীবশাহ দেওয়ান-এর স্মরণে বার্ষিক ওরশ মোবারক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দিনব্যাপী আয়োজনে অংশ নেন আশপাশের গ্রামের হাজারো ভক্ত-আশেকান ও এলাকাবাসী।
প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই ধর্মীয় আয়োজন। ভোরে মিলাদ, কোরআনখানি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় ওরশের কার্যক্রম। পরে ছিল ধর্মীয় আলোচনা, কবিগান ও তবরুক বিতরণ।
স্থানীয়দের উপস্থিতি ও অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে ছিল আনন্দঘন ও আধ্যাত্মিক আবহ। আয়োজকরা জানান, গরীবশাহ দেওয়ান-এর শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর এই ওরশের আয়োজন করা হয়।