পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সবুজায়ন ও উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং (বৃষ্টির পানি সংরক্ষণ) প্রকল্পে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, সবুজায়ন কর্মসূচি এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সমস্যার কারণে সুপেয় পানির সংকট মোকাবিলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং-এর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় সৌদি রাষ্ট্রদূত আসন্ন ইসলামিক কনফারেন্সের পঞ্চম সেশনে পরিবেশ উপদেষ্টাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সৌদি সরকারের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।
পরে তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রাবার বোর্ডের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় রাবার শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রিজওয়ানা হাসান গবেষণা, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি ও নীতিগত সহায়তার বিষয়ে দিকনির্দেশনা দেন। সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান, যুগ্মসচিব (আইন) শাহানারা ইয়াসমিন লিলিসহ মন্ত্রণালয় ও রাবার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।