ফরিদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মঞ্জু রানী দাস প্রতিদিনের মতো ভোরে স্বামীর মুদি দোকান ‘মা স্টোর’-এর সামনে ঝাড়ু দিচ্ছিলেন। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে মোটরসাইকেল থামিয়ে তার মাথায় পিস্তল ঠেকায় এবং কানে থাকা একজোড়া সোনার দুল ছিনিয়ে নেয়। মাত্র দেড় মিনিটের মধ্যেই তারা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পুরো দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, দুজন যুবক মুখে মাস্ক পরে মোটরসাইকেলে এসে খুব দ্রুত ঘটনাটি ঘটিয়ে চলে যান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, ভোরবেলা এমন ঘটনা এই প্রথম ঘটল। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।