ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। অবশেষে সংগঠনটি বিলুপ্ত করে নতুন নামে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তারা।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন ছাত্র সংগঠনের নাম নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। প্রস্তাবিত নামগুলোর মধ্যে ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও বাংলাদেশ ছাত্রশক্তি। এর মধ্যে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামটি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
নতুন সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে। সম্প্রতি এনসিপির যুব ও শ্রমিক অঙ্গসংগঠন হিসেবে ‘জাতীয় যুব শক্তি’ ও ‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ করেছে। ধারনা করা হচ্ছে, সেই ধারাবাহিকতায় খুব শিগগিরই ‘জাতীয় ছাত্রশক্তি’ নামেই আত্মপ্রকাশ করবে নতুন ছাত্র সংগঠনটি।
বর্তমান বাগছাস নেতৃত্ব জানিয়েছে, আগামীতেও তারা ওয়েলফেয়ার পলিটিকস নয়, বরং ছাত্রসমাজকেন্দ্রিক কার্যক্রমে জোর দিতে চান। তারা বিশ্বাস করেন, এই নতুন কাঠামো ও কর্মপন্থা ভবিষ্যতের ছাত্র সংসদ নির্বাচনে তাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।