মাগুরায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে “মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫”। আগামী ২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে জেলা শহরের নোমানী ময়দানে পর্দা উঠবে এই প্রতীক্ষিত প্রতিযোগিতার। প্রতিযোগিতার লক্ষ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির বিকাশ ও জনপ্রিয়তা বৃদ্ধি।
লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব ও মাগুরার কৃতি সন্তান মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মিনা মাহমুদা এবং প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ডা. সিমিন মজিদ আখতার (অঞ্জু)।
ডা. সিমিন মজিদ আখতার বাংলাদেশের রাজনীতিতে সুপরিচিত এক নাম—তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হকের কন্যা। ক্রীড়া ও সমাজসেবায় দীর্ঘদিন সক্রিয় এই চিকিৎসক বর্তমানে প্রাভা হেলথকেয়ারের চীফ মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি. এম. সাজিন ইসরাত জানান,
“বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রসার ও স্থানীয় খেলোয়াড়দের উৎসাহ দিতে এই লীগের আয়োজন করা হয়েছে।”
লীগে অংশ নিচ্ছে জেলার ৮টি ক্লাব—মাগুরা রিপোর্টার্স ইউনিটি, ভায়না কাবাডি ক্লাব, মহম্মদপুর স্বপ্নচোখ, চৌরঙ্গী ক্লাব, মাগুরা কাবাডি ক্লাব, খান স্পোর্টস, চাউলিয়া স্পোর্টস ক্লাব এবং বন্ধুসুলভ আঠারোখাদা।
আয়োজকদের আশা, এই লীগ মাগুরার ক্রীড়াঙ্গনে কাবাডি খেলায় নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণ খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক সূচনা হবে।
নোমানী ময়দানে আলো, উচ্ছ্বাস আর দর্শকের উদ্দীপনায় জমে উঠবে মাগুরার প্রথম বিভাগ কাবাডি লীগের রোমাঞ্চকর লড়াই—যা হয়তো আবারও মনে করিয়ে দেবে, কাবাডিই এই দেশের প্রাণের খেলা।