মাগুরায় নকল শিশুখাদ্য মজুদ ও বিক্রয়ের অভিযোগে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা নকল শিশুখাদ্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে মাগুরা পৌর এলাকার জামরুলতলা কলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানকালে বাজারের ভাই ভাই স্টোর ও মামুন স্টোরে বিপুল পরিমাণ নকল শিশুখাদ্য মজুদ ও বিক্রির প্রমাণ মেলে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত নকল খাদ্য জব্দ করা হয়।
পরে সহকারী পরিচালক সজল আহমেদ, পুলিশের একটি দল, অভিযুক্ত দোকান মালিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দ করা খাদ্যপণ্য মাগুরা ঢাকার রোড ব্রীজের নিচে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান,
“শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নকল খাদ্য কোনোভাবেই বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই অভিযানে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগকে স্বাগত জানান।