দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে কোরিয়ান উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “এখনই বাংলাদেশের সঙ্গে অংশীদার হওয়ার উপযুক্ত সময়, কারণ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে নানা সংস্কার করেছে।”
সেমিনারে জানানো হয়, বর্তমানে ১৫০টিরও বেশি কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। কোরিয়ান প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের প্রেসিডেন্ট মিন-সুক লি জানান, গত ৪০ বছরে তাদের কোম্পানি বাংলাদেশে ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রায় ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে।
বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল এবং কোরিয়ার ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান চ্যাং-বিওম কিম দুই দেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রস্তাবিত সিইপিএ (CEPA) চুক্তি সম্পন্ন হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।
এ সফরে বিডার পাশাপাশি বেজা, এনবিআর ও ব্যাংক খাতের কর্মকর্তারা অংশ নেন। প্রতিনিধি দলটি কোরিয়ার সংসদ সদস্য, শিল্পপ্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক ও গোলটেবিল আলোচনায় অংশ নিচ্ছে।