ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে বিআইআইএসএস-এর সেমিনার

 

সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর যৌথ উদ্যোগে ‘Regional Geopolitical Landscape: Impacts on the Security Dynamics of Bangladesh and Ways Forward’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ) রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূরাজনীতির বহুমাত্রিক দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইএনজি।

বিশেষ অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, বর্তমান বিশ্বের ভূরাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, “ভূগোলের চেয়ে আজ রাজনীতি বেশি প্রভাবশালী হয়ে উঠছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে।” তিনি জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্টতা, নীতিনির্ধারণে দূরদৃষ্টি এবং প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা নিরাপদ থাকতে পারে না। আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।” তিনি আরও বলেন, বাংলাদেশকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক বজায় রাখতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. আলী আশরাফ। আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও অধ্যাপক ড. সাহাব এনাম খান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। সেশনটি পরিচালনা করেন প্রাক্তন রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক ভারসাম্য রক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশলের ওপর গুরুত্ব দেন।

সেমিনারটি বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা, নীতিনির্ধারণে দূরদর্শিতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত ও কার্যকর জাতীয় কৌশল প্রণয়নে সহায়ক হবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *